
রাজধানীর উত্তরখান এলাকার তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে গতি এসেছে। এ ঘটনায় তাহসিফের বন্ধু হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে রয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে দীপ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানা গেছে। ঢাকার উত্তর খানের তুরাগের নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে, এর কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে।
তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দীপকে নিয়ে ঘটনাস্থলের বিভিন্ন স্পট পরিদর্শন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মুখে দীপ দাবি করেছেন, ঘটনার সময় তারা দুজনেই সেখানে কথা বলছিলেন। ওই মুহূর্তে পুলিশের একটি দল তাদের ধাওয়া করলে তাহসিফ আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন, এরপরই দীপ সেখান থেকে পালিয়ে যান। যদিও দীপের দেওয়া এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ কাজ করছে এবং ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজবাড়ী ঘাট থেকে ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পিবিআই। উদ্ধারকৃত মোটরসাইকেলটি উত্তরখান থানায় নিয়ে রাখা হয়েছে। পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানিয়েছেন, এটি তাহসিফের কি না তা নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি তারই। এছাড়া এলাকাটি মাদক কারবারিদের আড্ডা হিসেবে পরিচিত হওয়ায়, ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে পড়ে ডুবে গিয়ে থাকতে পারেন বলেও তদন্তকারী কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা থেকে বের হওয়ার পর রাত ১টা ৩৫ মিনিটে মায়ের কাছে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে তাহসিফ জানিয়েছিলেন যে তিনি বাসায় ফিরছেন। কিন্তু আর ফিরে আসেননি। এই ঘটনায় তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম স্পষ্ট জানিয়েছেন যে, তার ছেলের মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা নয়। তিনি সরকার ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়ে প্রকৃত অপরাধীদের শনাক্তের দাবি জানিয়েছেন। বর্তমানে এই মামলার তদন্তে নৌ পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে পিবিআই।