
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে সিএন্ডএফ এজেন্টদের সকল কার্যক্রম টানা ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ, বুধবার থেকে এই ছুটি শুরু হবে।
মঙ্গলবার ১৭ মার্চ সকালে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এই বিরতি ঘোষণা করা হয়েছে। ১৮ মার্চ, বুধবার থেকে ২৭ মার্চ, শুক্রবার পর্যন্ত টানা ১০ দিন বন্দর বন্ধ থাকবে। পুনরায় কার্যক্রম শুরু হবে ২৮ মার্চ, শনিবার।
তবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্দরের সিএন্ডএফ এজেন্টদের যাবতীয় কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চালু থাকবে।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা উপ-কমিশনারকে (হিলি স্থল শুল্ক স্টেশন) জানানো হয়েছে। চিঠিতে আসন্ন উৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রতি বছরই ঈদের ছুটিতে দেশের অন্যতম বৃহত্তম এই স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও শুল্কায়নের কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্টরা বিরতি নিয়ে থাকেন। আগামী ২৮ মার্চ, শনিবার থেকে পুনরায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।
টানা ১০ দিন বন্দর বন্ধ রাখার এই বিষয়টি ইতোমধ্যে ভারতীয় ব্যবসায়ীদের ও পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারি ছুটির আওতামুক্ত থাকে। ফলে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকলে যাত্রীরা যথারীতি বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।
Leave a Reply