
মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ হাজী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২২) এবং ঢাকার মিরপুর এলাকার রিপনের ছেলে আজওয়াত তওসিফ (২২)। তারা দু’জনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সীগঞ্জে এক বন্ধুর বাসায় বেড়াতে আসেন। এসময় তাদের মধ্যে ৬/৭ জন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সোপান ও আজওয়াত পানিতে ডুবে নিখোঁজ হন।
পরে তাদের বন্ধু ও স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যে জানতে পারে স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। পরে ডুবুরি দল হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফিরে আসে।
এদিকে, সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।