
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ারপাড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে জেলে আক্কেল মিয়া ডোবার পানিতে মরদেহটি ভাসতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা বিষয়টি ইউপি সদস্য হামিদুল ইসলামকে জানালে তিনি নাগেশ্বরী থানা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও কোমরে একটি বেল্ট। স্থানীয়দের ধারণা, তার বয়স আনুমানিক ২৫ বছর।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে ডোবায় ফেলে রাখা হতে পারে। তবে হত্যার বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ।
নাগেশ্বরী থানার ওসি এনামুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।