
কুড়িগ্রামের উলিপুরে একটি ফাজিল মাদরাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ম্যানেজিং কমিটির ১১ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন।
রোববার (৩ মে) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার ফাজিল মাদরাসার অফিস কক্ষে শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যরা পদত্যাগপত্র জমা দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, প্রিন্সিপাল মো. লিয়াকত আলী দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। পাশাপাশি কমিটির সঙ্গে আলোচনা ছাড়াই গোপনে নিয়োগ বাণিজ্যের চেষ্টা এবং শিক্ষকদের হয়রানির অভিযোগও উঠেছে।
ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান বলেন, কমিটির সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই একের পর এক অনিয়ম চলছিল। বাধ্য হয়েই তারা পদত্যাগ করেন।
শিক্ষক প্রতিনিধি মাসুদ আলী অভিযোগ করে বলেন, গত দুই বছরে টিউশন ফি বাবদ প্রায় ৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি গোপনে প্রকাশ করা হলেও কমিটিকে কিছুই জানানো হয়নি।
প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। চলতি এসএসসি পরীক্ষায় ৯৭ জন অংশ নিয়েছে। শিক্ষক-কর্মচারী মিলিয়ে মোট ৩৯ জন কর্মরত আছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রিন্সিপাল মো. লিয়াকত আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।