
কুমিল্লায় সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা দিয়ে একটি স্লিপার কোচে আগুন ধরে যায়। পরে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের অদূরে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহণের একটি স্লিপার কোচ ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
আগুন ছড়িয়ে পড়লে বাসের যাত্রীরা দ্রুত হুড়োহুড়ি করে নেমে যান। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং সেটি সম্পূর্ণ পুড়ে যায়।স্থানীয়রা এগিয়ে এসেন যাত্রীদের নিরাপদে বের হতে সহায়তা করে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ঢাকাগামী একটি স্লিপার কোচ সামনে থাকা অপর একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।