
নগরের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এলাকা রিয়াজউদ্দিন বাজারে একটি ভবনে অবৈধ বিদেশি সিগারেটের একটি বিশাল আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম।
সোমবার (১০ আগস্ট) গভীর রাতে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট।
গোপন সংবাদের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানের কেন্দ্রবিন্দু ছিল কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারের বহুল পরিচিত ‘ফলের গলি’।
রাতের আঁধারে র্যাবের আভিযানিক দলটি একটি ভবনে হানা দেয়। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন কক্ষে তল্লাশি চালাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে ধরা পড়ে সারি সারি সাজানো ছিল
শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট।
অভিযানের র্যাব-৭ অফিসার মেজর জালিস মাহমুদ খান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ভবনটির একাধিক কক্ষে অবৈধভাবে মজুত করা এসব বিদেশি সিগারেটের সন্ধান মেলে। প্রস্তুতকারীদের তরফ থেকে কিংবা আমদানির পক্ষে কোনো বৈধ কাগজপত্রই দেখাতে পারেনি সংশ্লিষ্টরা।
র্যাব জানায়, প্রাথমিক তদন্ত ও হিসাব অনুযায়ী, জব্দকৃত এই বিপুল পরিমাণ সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
র্যাবের ধারণা, অসাধু চক্রটি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে এসব সিগারেট দেশে এনেছিল। চট্টগ্রাম শহর ও আশেপাশের খুচরা বাজারগুলোতে সরবরাহের উদ্দেশ্যেই রিয়াজউদ্দিন বাজারের এই গোপন আস্তানায় পণ্যগুলো মজুত করা হয়েছিল।
চট্টগ্রামের বাণিজ্যিক ইতিহাসে রিয়াজউদ্দিন বাজার দীর্ঘদিন ধরেই বিদেশি সিগারেটের বড় পাইকারি হাব হিসেবে পরিচিত।
এর আগেও কক্সবাজারে জব্দ হওয়া অবৈধ সিগারেটের চালান তদন্ত করতে গিয়ে এই রিয়াজউদ্দিন বাজারেরই একটি প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা বেরিয়ে এসেছিল।
তবে অভিযানে বিপুল সম্পদ জব্দ করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এই বিশাল চালানের পেছনে মূল কারা, কীভাবে সমুদ্র বা সীমান্ত পথ পার হয়ে এসব পণ্য চট্টগ্রামের হাবে পৌঁছাল-আর অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িত প্রভাবশালী চক্রের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে র্যাব।