
চরফ্যাশন উপজেলার হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো.রুবেল ও ইউসুফ নামের দুই ওষুধের দোকানীকে মোট ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, হাসপাতাল রোডে অবস্থিত রুবেল মেডিকেলে বিক্রির জন্য নিষিদ্ধ ‘ফিজিশিয়ান সেম্পল’ (চিকিৎসকদের জন্য সংরক্ষিত ফ্রি নমুনা ঔষধ) ও আনরেজিষ্ট্রেড ওষুধ মজুত ও বিক্রি করা হচ্ছিল।
এ অপরাধে ‘ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩’-এর ৪০ (গ) ও (ঘ) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর রোডে রুমা মেডিকেলে ড্রাগ লাইসেন্স ও ঔষধের গুণগত মান নিশ্চিতকরণে পরিদর্শন ও সতর্কতা জারি করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, “আজকে প্রাথমিক পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন ও সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এবং বাজারে কোনো ধরনের অবৈধ বা বিক্রয়নিষিদ্ধ ওষুধ যেন বিক্রি হতে না পারে, সে লক্ষ্যে আগামীতেও আমাদের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় ওষুধ প্রশাসনের সহাকারি পরিচালক শরীফুল মোল্লা।