
আফগানিস্তানের তালেবান সরকার দীর্ঘ প্রতীক্ষিত ওয়াখান করিডোর দিয়ে চীনের সীমান্ত পর্যন্ত একটি সড়কপথের নির্মাণকাজ সম্পন্ন করেছে। বাদাখশান প্রদেশের দুর্গম এই অঞ্চলটি প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ, যা ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ৪ অক্টোবর সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এখনো চীনের সঙ্গে কোনো বাণিজ্যিক সীমান্তপথ বা তল্লাশিচৌকি চালু হয়নি। প্রায় ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত ওয়াখজির গিরিপথটি বছরের অন্তত পাঁচ মাস বরফে ঢাকা থাকে, যা এই রুটের অন্যতম বড় প্রতিবন্ধকতা।
আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩৬ কোটি ৫০ লাখ আফগানি ব্যয়ে দুই ধাপে এই সড়ক নির্মিত হয়েছে। এটি মূলত নুড়ি-পাথর বিছানো একটি কাঁচা সড়ক, যেখানে চীনের কোনো ধরনের অর্থায়নের তথ্য পাওয়া যায়নি। ইতিহাস অনুযায়ী, উনিশ শতকে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই করিডোরের সীমানা নির্ধারিত হয় এবং ১৯৬৩ সালে আফগানিস্তান ও চীন তাদের সীমান্ত চূড়ান্ত করে।
এই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ প্রথম নেওয়া হয় ২০০৯ সালে, তবে প্রতিকূল ভূপ্রকৃতি ও নিরাপত্তার কারণে তা থমকে গিয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালে কাজ শুরু হলেও ২০২১ সালে তালেবানের ক্ষমতা গ্রহণের পর তা আবারও স্থগিত হয়। এরপর ২০২৩ সালের সেপ্টেম্বরে তালেবান সরকার নতুন করে উদ্যোগ নেয় এবং ২০২৫ সালের মার্চে ৭১ কিলোমিটার সড়কের দ্বিতীয় পর্যায়ের কাজের চুক্তি সম্পন্ন করে।
কাবুলের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পাকিস্তানের ওপর বাণিজ্যিক নির্ভরশীলতা কমিয়ে চীন ও মধ্য এশিয়ার সঙ্গে নতুন যোগাযোগ স্থাপন করা। তবে বেইজিংয়ের কাছে বাণিজ্যের চেয়ে নিরাপত্তা উদ্বেগই বেশি প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ রোধ ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিং অত্যন্ত সতর্ক। ২০২৫ সালের আগস্টে কাবুল সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াখান করিডোরে দুই দেশের যৌথ সীমান্ত টহল পুনরায় শুরুর ওপর জোর দেন এবং পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে তালেবানকে আহ্বান জানান। এর মাধ্যমে পাকিস্তানের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যপথ তৈরি করতে চায় কাবুল।
আফগান কর্মকর্তাদের দাবি, তালেবান সরকার সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে সক্ষম। তবে চীনের পক্ষ থেকে সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। এই রুটের ভবিষ্যৎ নিয়ে রয়েছে ভূরাজনৈতিক সমীকরণও; পাকিস্তান ও ইরান এই করিডোরের কৌশলগত গুরুত্ব অনুধাবন করলেও চীন আপাতত পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোর সম্প্রসারণেই বেশি আগ্রহী।
পাশাপাশি বাদাখশান প্রদেশের নিরাপত্তা পরিস্থিতিও বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। সেখানে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের বিভিন্ন হামলার ঘটনা নতুন সড়কের দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ, পূর্ব ও মধ্য এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে এই করিডোর বড় ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যতে এখানে রেলপথের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে আঞ্চলিক অস্থিরতা, নিরাপত্তা উদ্বেগ এবং ভূরাজনৈতিক জটিলতা কাটিয়ে সীমান্ত বাণিজ্য শুরু করাই এখন তালেবান সরকারের জন্য বড় পরীক্ষা। সাম্প্রতিক সময়ে সেখানে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।