
দিনাজপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য ও বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে গণমাধ্যমকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, গত বুধবার ২৯ এপ্রিল বিকেলে জেলার কোতয়ালী থানাধীন খানপুর জাগির পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৫:০০ ঘটিকায় কোতয়ালী থানাধীন ০৯ নং খানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় পলাতক আসামি রায়হান কবির ওরফে বাবুর বসতবাড়ির পাশে অবস্থিত একটি পরিত্যক্ত লাকড়ির ঘরে। সেখান থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদক ও গ্রেফতার অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদক ৩৬২ বোতল, এস্কাফ ও ২১৯ বোতলআরসি কাফ+, ২৫ বোতল বিদেশী মদ।
এই ঘটনায় ঘটনাস্থল থেকে মোঃ জুয়েল বাবু (২৫) নামে একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত জুয়েল কোতয়ালী থানার খানপুর জাগির পাড়া গ্রামের মৃত আবু তাহানুরের ছেলে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত মালামালসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply