
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩৭ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের প্রথম ১৬ দিনে মারা গেছেন ৮৮ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী প্রাণ হারিয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৪৪ জন রয়েছেন। এছাড়া বরিশালে ৩০৮ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ৩৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।