
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী সড়কের পাশে ধানক্ষেতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, খণ্ডিত পাটির পাশে রক্তমাখা একটি পলিথিনও পড়ে ছিল। তাদের ধারণা, কেউ হয়তো সড়ক দিয়ে যাওয়ার সময় খণ্ডিত পাটি সেখানে ফেলে গেছে। তবে এটি কার শরীরের অংশ, কোথা থেকে বা কখন সেখানে আনা হয়েছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তারা।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এলো, তা এখনো জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। খণ্ডিত পাটির পরিচয় ও এর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। উদ্ধার করা খণ্ডিত পাটি কোনো নিখোঁজ ব্যক্তি কিংবা অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তদন্ত শেষে তা স্পষ্ট হবে।