
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বা ‘উদ্যোগ’ (UDYOG)-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে।
এই চক্রটি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সতর্কবার্তায় জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই কর্মসূচির কার্যক্রম পরিচালিত হয়। ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের বিশেষ অনুরোধ করা হয়েছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আরও বলা হয়, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দেশের তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে সরকার ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল গঠন করেছে। এই কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে প্রদান করা হবে, যা একই সঙ্গে বিতরণ করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর এই কর্মসূচির নীতিমালা জারি করা হয়। প্রাথমিক পর্যায়ে আট জেলার উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণের পর, গত ১ নভেম্বর থেকে বাকি ৫৬টি জেলার উদ্যোক্তাদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাদের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরে গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।