
পঞ্চগড়ে তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. শহিদুল ইসলাম নামে ওলামা দলের নেতা ও স্থানীয় মসজিদের ইমামকে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তাদের পঞ্চগড় চিনিকল কলোনী কোয়াটারের ওই ওলামা দল নেতার শয়ন কক্ষ থেকে আটক করা হয়।
আটক ওলামা দল নেতার নাম মো. শহিদুল ইসলাম। তিনি জেলা ওলামা দলের সদস্য এবং পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। অনৈতিক কাজে আটক ওই তরুণীর (১৯) বাড়ি পঞ্চগড় শহরে।
আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।
স্থানীয়রা জানান, ওই নারী গতকাল বিকেল থেকে খতিব শহিদুলের চিনিকলের কোয়ার্টারে আশ্রয় নেন। পরে রাতে মেয়েটি খাবার কেনার জন্য মিলগেট বাজারে যায়। এসময় স্থানীয় কিছু যুবকের সন্দেহ হলে তারা ওই নারীর অনুসরণ করে মসজিদের ইমামের বাসায় দেখতে পান। পরে ইমামের বাসায় ঢুকে অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরেন স্থানীয়রা। এসময় হট্টগোল শুরু হলে থানাপুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শহিদুল এবং তার বাসায় থাকা নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নারীসহ ইমাম শহিদুলকে থানা হেফাজতে আনা হয়। পরে শুধু শহিদুল ইসলামকে ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ বাদী হয়ে কোনো অভিযোগ দায়ের করেনি।