
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ভারত সরকার কোনো আনুষ্ঠানিক শর্ত দিলে তা সরকার বিবেচনা করবে। এ ছাড়া বাইরে কে কী প্রতিবেদন প্রকাশ করছে, তা নিয়ে ভাবার সময় নেই। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। এর বাইরে কে কোথায় কী প্রতিবেদন ছাপছে, সেটা দেখার সময়ও নেই এবং সেটা আমাদের বিষয়ও না। এখন যে জ্বালাও পোড়াও করছে সেটাও আওয়ামী লীগ করছে।
শেখ হাসিনা বর্তমানে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, তাকে কীভাবে দেশে আনা হবে, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য সব আসামির মতোই তার সাজা ভোগ করা উচিত। এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা প্রয়োজন। শেখ হাসিনা ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়ার বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অনেক বিশাল এবং তা মুক্তিযুদ্ধের সময় থেকে চলে আসছে। এটি কোনো একটি নির্দিষ্ট ইস্যুর ওপর নির্ভরশীল নয়। বরং অমীমাংসিত বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এই সম্পর্ক এই একটি ব্যাপার নিয়ে সীমাবদ্ধ না।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে প্রতিমন্ত্রী অভিযোগ করেন যে, আওয়ামী লীগ অতীতে ও বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। বিদেশে বসেও দলটি এমন কর্মকাণ্ড পরিচালনা করছে, যা বাংলাদেশ সরকার গুরুত্বসহকারে দেখছে।
বাংলাদেশ ও ভারতের কনস্যুলার সংলাপ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য এসেছে। সংলাপটি সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন এবং দুই পক্ষই সম্মত হয়েছে যে কিছু সময় পর এটি অনুষ্ঠিত হওয়া বেশি ফলপ্রসূ হবে। এটা সচিব পর্যায়ে হওয়ার প্রয়োজন। সুতরাং, দুই দিক থেকে আমরা এবং উনারা বলেছেন যে; কিছুদিন পরে হলে ভালো হয়।
উল্লেখ্য, সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য নয়াদিল্লি দুটি শর্ত দিয়েছে। প্রথমটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই তাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং দ্বিতীয়টি হলো, তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ ও জুলাই গণহত্যার অভিযোগের পুনঃতদন্তের নিশ্চয়তা দিতে হবে। এই প্রতিবেদনের প্রেক্ষাপটেই সোমবার প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভারতের তরফ থেকে কোনো শর্ত না পাওয়ার কথা জানালেন।