
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যানিকতের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নাঈম সিকদারের ব্লাড ক্যান্সারে আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। আজ শনিবার (২২ আগষ্ট) সকাল ১১ টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর পরিবারের হাতে
কালিদাস কলতান বিদ্যানিকেতনে উপস্থিত হয়ে অনুদান প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।এ-সময় লাইলী বেগমের চিকিৎসার জন্য ৫ লাখ মধ্যে ২লাখ টাকা নগদ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি মো: নাজিম উদ্দীন, ডেপুটি এ্যার্টনি জেনারেল দেওয়ান হুমায়ুন কবীর রিপন, সার্কেল এএসপি মোহাম্মদ মামুনুর রশীদ,সখীপুর মো: মুরাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজা, চলচ্চিত্র পরিচালক নিরাঞ্জন বিশ্বাস সহ প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ওই প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,
রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসএসসি পাশের আনন্দে মিষ্টি না কিনে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা একজন সহপাঠীর মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য নগদ বিশ হাজার টাকা ও ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সকলে মিলে নগদ বিশ হাজার টাকা অর্থ সহায়তা করেন।গত ১৬ আগষ্ট সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে, বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে ওই শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগমের ক্যান্সার চিকিৎসায় আর্থিক সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘোষণার পরেই রাতে
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্থানীয় সংসদ সদস্য ও সখীপুর উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করে বিষয়টি জানানো হয়।
ওই শিক্ষার্থীর পারিবারিক সূত্রে ও কলতান বিদ্যানিকেতনের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগম কিছুদিন আগে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে গেলে,চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার সনাক্ত করে।লাইলী বেগমের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ৭০ হাজার টাকায় একটি গরু বিক্রি করে। ওই শিক্ষার্থীর পারিবারিক জমির পরিমাণ খুবই কম কিন্তু তারপরেও যেটুকু জমি রয়েছে সেই জমি ওই শিক্ষার্থীর দাদা বিক্রি করার জন্য চেষ্টা করে। শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগম বর্তমানে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর খবরে এলাকাবাসী ও শিক্ষার্থীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেন, চিকিৎসাধীন শিক্ষার্থীর মায়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি আজ শনিবার কলতান বিদ্যানিকেতনে গিয়ে শিক্ষার্থীদের নিজ হাতে মিষ্টি খাইয়ে চিকিৎসার জন্য নগদ ২লক্ষ দেই।তিনি আরও বলেন, আমি এবং আমার দল ওই পরিবারের পাশে সবসময় পাশে থাকবো।