
গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১০৭ জন।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬৮ জনের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। একই সময়ে আরও ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৪২৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে সারা দেশে মোট ৮৭ হাজার ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
একই সময়ে সন্দেহজনক হামে মোট ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।