
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে হাম ও হাম উপসর্গে চলতি বছর দেশে এক হাজার দুইজন মারা গেলেন। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গে ৯০২ জন মারা গেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১১৯ জন।
এ নিয়ে চলতি বছর মোট ১৯ হাজার ৯০৪ জনের হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা গেছে এক লাখ ৬৭ হাজার ৫৮০ জনের।
গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম রোগে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৮১৯ জন।