
সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও আইসবার উৎপাদন এবং অনুমোদনহীন নকল লেবেল ব্যবহার করে বাজারজাত করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) উপজেলার পশ্চিম কাঠগড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ–এর চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অভিযানে আলিফ আইসক্রিম ফ্যাক্টরি–তে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অনুমোদনহীন ও নকল লেবেল ব্যবহার করে পণ্য বাজারজাত করার বিষয়টিও ধরা পড়ে।
এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই দিনে নাহিয়ান আইসবার নামের আরেকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে আইসবার উৎপাদনের দায়ে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
কর্মকর্তারা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।