
কুড়িগ্রামের রাজারহাটে ফোনে কথা বলা নিয়ে বাবার সঙ্গে বিরোধ; ঘরের দরজা ভেঙে তরুণীর মরদেহ উদ্ধার
মোবাইল ফোনে কথা বলা নিয়ে বাবার সঙ্গে বিরোধ। একপর্যায়ে মেয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ভাঙলেন বাবা। এ ঘটনার পর অভিমানে আত্মহত্যা করেছেন আশামনি (২০) নামে এক তরুণী। বুধবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশামনি ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে বিয়ে হলেও কিছুদিনের মধ্যেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন তিনি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বাবার বাড়িতে থাকার সময় আশামনির মোবাইল ফোনে কথা বলার প্রবণতা বেড়ে যায়। বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় কথা বলা নিয়ে পরিবারের সদস্যরা বিরক্ত ছিলেন। এ নিয়ে পরিবারে অসন্তোষও তৈরি হয়।
বুধবার দুপুরে মোবাইল ফোনে কথা বলা নিয়ে আবারও বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা আলম মিয়া মেয়ের হাত থেকে নিজের দেওয়া মোবাইল ফোনটি কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। এরপর পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে সবার অগোচরে নিজ ঘরে আত্মহত্যা করেন আশামনি।
কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তার মা ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মেয়েকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাসুদ রানাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।