
ঋষি বক যেন ধ্যানে মগ্ন, পা ডুবিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে বিলের পানিতে। হঠাৎ করেই দারকিনা, পুঁটি বা বাতাসি মাছ নজরে আসতেই ক্ষিপ্র গতিতে শিকার ধরে নিচ্ছে সে। শিকার শেষে ডানা ঝাপটে উড়ে গিয়ে বসছে অন্য কোনো স্থানে। প্রকৃতির এমন নান্দনিক সব দৃশ্য এখন নিত্যদিনের অনুষঙ্গ হয়ে উঠেছে চলনবিলে। বর্ষার পানি নামার এই শেষ সময়ে হাজার হাজার সাদা বক, গাংচিল, বালিহাঁস, ডাহুক, শামুকখৈল ও পানকৌড়ির মিলনমেলায় পরিণত হয়েছে পুরো বিল এলাকা। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিদের কিচিরমিচির শব্দে মুখর থাকে চারপাশ। দারকিনা, পুঁটি, বাতাসি ভুল করে নাগালে এলেই তার ধ্যান ভেঙে যায়। খপ করে মুখে পুরে ফেলে কোনো একটি মাছ। প্রমাণ হয়ে যায়, সবই ছিল তার ছলাকলা। মনোমুগ্ধকর এই দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে চলনবিলে। সড়কটির দুই পাশে চোখে পড়ে প্রকৃতির মধ্যে সাদা বক, পানকৌড়ি, শামুকখোল, বালিহাঁসসহ অসংখ্য অতিথি পাখির ওড়াউড়ি, কোলাহল আর কলরব। এক জায়গায় যখন বক বসে, অন্য জায়গায় তখন বালিহাঁস বা পানকৌড়ি।
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত এই বিলের বিশেষ করে সিংড়া ও গুরুদাসপুর উপজেলার অংশগুলোতে পাখিদের আনাগোনা সবচেয়ে বেশি। সিংড়া থেকে তাড়াশের বারুহাস অভিমুখী সড়কটি বর্ষায় তলিয়ে যাওয়ায় এটি ‘ডুবন্ত সড়ক’ নামে পরিচিত। এই সড়কের দুই পাশ যেন এখন পাখিদের স্বর্গরাজ্য। পাখিরা এখানে নির্দিষ্ট সময় মেনে চলাফেরা করে। প্রতিদিন ভোরে এরা বিলের পানিতে নেমে আসে এবং এক প্রজাতির পাখি অন্য প্রজাতির সঙ্গে শিকারের জায়গা নিয়ে বিবাদে জড়ায় না। গোধূলিলগ্নে দল বেঁধে তারা ফিরে যায় নির্ধারিত গাছ কিংবা ঝোপঝাড়ের গন্তব্যে। নীড়ে ফেরার পর পাখিরা বেশ কিছু সময় কিচিরমিচির শব্দ করে নিজেদের মধ্যে ভাববিনিময় করে।
চলনবিলকে পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার পেছনে রয়েছে স্থানীয় তরুণদের সম্মিলিত প্রচেষ্টা। গত ১৪ বছর ধরে পাখিদের নিরাপত্তা নিশ্চিতে নেতৃত্ব দিচ্ছে ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’। সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের ভাষ্যমতে, শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষই তাদের এই উদ্যোগের অংশ। এছাড়া ‘সবুজ বাংলা’ ও ‘চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম’-এর মতো সংগঠনের সদস্যরাও বিলজুড়ে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছেন।
সাইফুল ইসলাম জানান, বিলে পাখিদের অবাধ বিচরণ দেখে মাঝেমধ্যে কিছু মানুষ এয়ারগান বা ফাঁদ ব্যবহার করে পাখি শিকারের চেষ্টা করে।
সংগঠনের সদস্যরা এমন অপরাধ দেখলে তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং শিকারি কাউকে আটক করলে পুলিশের হাতে তুলে দিয়ে আইনের আশ্রয় নেন। রাজু আহমেদ ও ফজলে রাব্বির মতো স্থানীয় নিবেদিতপ্রাণ ব্যক্তিরাও এই পাখি রক্ষায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের এই দৃঢ় অঙ্গীকার ও ভালোবাসার কারণেই চলনবিল আজ প্রকৃতির এক অনুপম বিদ্যাপীঠ হয়ে উঠেছে, যেখানে পাখিরা নির্ভার হয়ে ডানা মেলতে পারছে।