
যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য হামলার জন্য হাত গুটিয়ে বসে থাকবে না ইরান। প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন। দেশটির সংবাদ সংস্থা ফার্স ওই বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
ঘারিবাবাদি অভিযোগ করেন, কূটনীতির আড়ালে সময়ক্ষেপণ করে যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্র তৈরি করছে। তিনি সাফ জানিয়ে দেন, ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করা যাবে, আবার ভেনেজুয়েলা নয় যে চাপের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তার দাবি, আকাশ কিংবা স্থলপথে ইরানের ওপর অবরোধ চাপিয়ে দেওয়ার মার্কিন প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি। চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন চাপের বিপরীতে তেহরানের এই কঠোর অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।