
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধর করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাদের আটক করে শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এরপর অভিযুক্তদের মারধর করে প্রক্টর অফিসে নিয়ে সোপর্দ করা হয়।
এ সময় ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আন্দোলনকারীরা এসময় ‘মুজিববাদের আস্তানা এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘লীগ ধর, জেলে ভর’-এর মতো স্লোগান দেন। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেছেন নেতাকর্মীরা।