
• আত্মীয়দের নামে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ
• বদলি বাণিজ্য, নিয়োগে তদবির, চাঁদাবাজিসহ গুরুতর অভিযোগ
• নারায়ণগঞ্জে পদায়নে ২০ লাখ, গাজীপুরে বদলিতে ৫০ লাখ টাকা লেনদেনের দাবি
• বাটা কোম্পানির অভিযোগের ফাইল ১০ লাখ টাকায় গায়েব করার অভিযোগ
• ১৫ প্রার্থীর নিয়োগে আড়াই থেকে তিন কোটি টাকা চুক্তির দাবি
• শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহায়তার অর্ধেক নেওয়ার অভিযোগ
• আত্মীয়দের নামে বিপুল সম্পদ
• সচিব বদলালেও বহাল শামীম, ২৩ বছর ধরে সচিবের গাড়িচালক খলিল
শ্রম মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত কর্মকর্তা শামীম আহমেদ। সচিব বদলালেও তাঁর অবস্থান বদলায় না। অন্যদিকে সচিবের গাড়ি চালান খলিল। দীর্ঘদিন ধরে একের পর এক সচিবের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অভিযোগ, এই দুই কর্মচারী নিজেদের অবস্থান ও প্রভাব কাজে লাগিয়ে মন্ত্রণালয় এবং অধীন দপ্তরগুলোতে গড়ে তুলেছেন একটি অসাধু সিন্ডিকেট। বদলি ও পদায়ন, নিয়োগে তদবির, কর্মকর্তাদের কাছ থেকে অর্থ আদায়, এমনকি গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি গায়েবের মতো কর্মকাণ্ডেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে জমা পড়া সাত পাতার একটি অভিযোগপত্রে উঠে এসেছে তাঁদের সম্পদ, অর্থ আদায় এবং দপ্তরের ভেতরে প্রভাব বিস্তারের নানা তথ্য। এছাড়াও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ বিতরণে গুরুতর অনিয়মের মতো অভিযোগ তাদের বিরুদ্ধে। এ সংক্রান্ত অভিযোগটি গত ২৮ অক্টোবর দুদকের ডেস্কপাস শাখা জমা দেয়া হয়। দুদক সূত্রে সেই অভিযোগ ও সাথে সংযুক্তির নথীপত্র এসেছে এই আজকের কাগজের হাতে।
দুদক সূত্র বলছে, অভিযোগটি নিয়ে ইতোমধ্যেই দুদকের গোয়েন্দা শাখা কাজ শুরু করছে। গোয়েন্দা প্রতিবেদনের পরে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।
তথ্য বলছে, খলিল প্রায় ২৩ বছর আগে সচিবের গাড়িচালক হিসেবে নিয়োগ পান। চাকরিতে যোগদানের পর থেকে শ্রম অধিদপ্তরের স্থায়ী চালক হিসেবে একে একে সাতজন সচিবের গাড়ি চালিয়েছেন। সচিবের গাড়ির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও দপ্তরের ভেতরে যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী হয়ে ওঠেন। এই প্রভাবকে কাজে লাগিয়ে গড়ে তোলেন একটি অসাধু সিন্ডিকেট। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ে বদলি বাণিজ্য ও মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
চিঠিতে বলা হয়েছে, ঈদসহ বিভিন্ন সময়ে উপমহাপরিদর্শক ও উপপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়। এই টাকা আদায় করে একাই আত্মসাত করেন খলিল। এছাড়াও চালকদের কে কোথায় দায়িত্ব পালন করবেন, সেটিও খলিল ঠিক করে দেন। বিনিময়ে নেন আর্থিক সুবিধা। তাঁর কথার বাইরে গেলে বদলি বা হয়রানির মুখে পড়তে হয়।
খলিলের বিরুদ্ধে রাজনৈতিক যোগাযোগ কাজে লাগানোর অভিযোগও রয়েছে। অভিযোগে বলা হয়েছে, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গাজীপুরে জাহাঙ্গীর আলমের বাড়ির পাশে খলিলের পাঁচতলা বাড়ি রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জাহাঙ্গিরকে ব্যবহার করে নিজের ভাতিজিকে গাজীপুরের কলকারখানা অধিদপ্তরে চাকরি দেওয়ার অভিযোগ খলিলের বিরুদ্ধে।
সচিব বদলালেও বহাল শামীম
সচিবের ব্যক্তিগত কর্মকর্তা শামীম আহমেদকে নিয়ে বিস্তারিত অভিযোগ করা হয়েছে। চিঠিতে তাঁকে ‘পাপনের ভাগিনা শামীম আহমেদের হাতে শ্রম মন্ত্রণালয়ের দুর্নীতির স্টিয়ারিং’ শিরোনামে উল্লেখ করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনের সুপারিশে ২০১৬ সালে তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু তাঁকে সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে চাকরি দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার সুবাদে এ নিয়োগ পান তিনি। এরপর থেকে সচিবের দপ্তরে শামীমের প্রভাব বজায় রয়েছে। সচিব বদলালেও তিনি বহাল থাকেন। সেই প্রভাবকে কাজে লাগিয়ে গত দশ বছরে তিনি প্রায় আট কোটি টাকার সম্পদ গড়েছেন।
শামীমের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ বদলি বাণিজ্য। চিঠিতে বলা হয়েছে, কলকারখানা অধিদপ্তর, শ্রম অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের বদলিতে তার প্রভাব রয়েছে। ওপরের নির্দেশনার কথা বলে লেনদেনের মাধ্যমে তিনি বদলি করেন।
এ বিষয়ে অভিযোগপত্রে দুটি নির্দিষ্ট বদলির উদাহরণ দেওয়া হয়েছে। প্রথমটি ২০২৬ সালের ১৫ জুনের মন্ত্রণালয়ের ১০৪ নম্বর আদেশ। অভিযোগপত্রের দাবি, ওই আদেশে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মো. মনিরুজ্জামানের পরিবর্তে মো. শফিকুল ইসলামকে বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জের চলতি দায়িত্ব দেওয়া হয়। এর বিনিময়ে ২০ লাখ টাকা নেন শামিম। দ্বিতীয় অভিযোগটি উপমহাপরিদর্শক প্রকৌশলী এম এম মামুন অর রশিদকে ঘিরে। অভিযোগপত্রে বলা হয়েছে, তাঁকে প্রধান কার্যালয় থেকে গাজীপুরে বদলি করতে ৫০ লাখ টাকা নেওয়া হয়। মিরপুর ডিওএইচএসের একটি বাসায় এ লেনদেন হয়।
সচিবের দপ্তরের নথি গায়েবের অভিযোগ
শামীমের বিরুদ্ধে সচিবের দপ্তরের গুরুত্বপূর্ণ নথি বাইরে সরবরাহ এবং অর্থের বিনিময়ে ফাইল গায়েব করার। অভিযোগপত্রে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে সচিব ব্যবস্থা নিতে গেলে সেই খবর এবং সংশ্লিষ্ট নোটশিট অর্থের বিনিময়ে বাইরে চলে যায়। এর একটি উদাহরণ হিসেবে বাটা সু কোম্পানির ২৭ নভেম্বর ২০২৫ তারিখে মন্ত্রণালয়ে দেওয়া একটি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রের দাবি, শামীম ১০ লাখ টাকার বিনিময়ে ওই নথি গায়েব করে দেন। আরও অসংখ্য গুরুত্বপূর্ণ নথি তিনি একইভাবে গায়েব করেছেন বলেও অভিযোগকারীর দাবি।
নিয়োগেও অর্থ লেনদেনের অভিযোগ
শামীমের বিরুদ্ধে মন্ত্রণালয় ও অধীন দপ্তরগুলোতে নিয়োগের জন্য তদবির এবং অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। বলা হয়েছে, কলকারখানা অধিদপ্তরের চলমান নিয়োগে গাড়িচালক ও অফিস সহায়ক পদে তাঁর ১৫ জন প্রার্থী রয়েছে। তাঁদের প্রায় সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রত্যেক প্রার্থীর সঙ্গে ১৫ থেকে ২০ লাখ টাকার চুক্তি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অর্থ নিয়েও অভিযোগ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তার অর্থ বিতরণ নিয়েও শামীমের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। চিঠির ভাষ্য, ফাউন্ডেশনের প্রতিটি সভায় তাঁর নামে প্রায় ৫০টি আবেদন থাকে। কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এসব আবেদন আনা হয়। অভিযোগকারীর দাবি, সহায়তার অর্থের অর্ধেক দেওয়ার শর্তে আবেদনগুলো করা হয়—রোগী পান অর্ধেক, বাকি অর্ধেক যায় শামীমের কাছে। এ ছাড়া নিজের বাসার দুজন গৃহকর্মীর নামে ভুয়া কাগজপত্র তৈরি করে চিকিৎসা সহায়তার অর্থ তোলার অভিযোগও রয়েছে।
মাসিক চাঁদা ও ‘হাদিয়া’র হিসাব
অভিযোগপত্রে শামীমের নামে বিভিন্ন দপ্তর থেকে নিয়মিত অর্থ আদায়ের একটি হিসাবও দেওয়া হয়েছে। সেখানে কলকারখানা অধিদপ্তরের ঢাকা উপমহাপরিদর্শকের কার্যালয় ও শ্রম অধিদপ্তরের ঢাকা বিভাগীয় দপ্তর থেকে মাসে ২০ হাজার টাকা। গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের উপমহাপরিদর্শকের কার্যালয় এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভাগীয় শ্রম দপ্তর থেকে ১৫ হাজার টাকা করে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
চিঠির হিসাব অনুযায়ী, এসব দপ্তর থেকে মাসে মোট এক লাখ ১৫ হাজার টাকা আদায় করা হয়। বছরে এ অঙ্ক দাঁড়ায় প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, মন্ত্রণালয়ের সেবা শাখা থেকে মাসে ২০ হাজার টাকা দেওয়া হয়। সন্ধ্যার নাস্তার জন্য দৈনিক দুই হাজার টাকা এবং সাপ্তাহিক বাজারের জন্য বরাদ্দ ১০ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা রেখে দেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়াও সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের কাছ থেকেও দুই থেকে পাঁচ হাজার টাকা ‘হাদিয়া’ নেওয়ার দাবি করা হয়েছে। অভিযোগকারীর ভাষ্য, এই অর্থ না দিলে সচিবের সঙ্গে সাক্ষাৎ পাওয়া কঠিন হয়ে পড়ে।
আত্মীয়দের নামে প্রায় আট কোটি টাকার সম্পদের অভিযোগ
শামীমের বিরুদ্ধে প্রায় আট কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরের নামে তিনটি বাল্কহেড কেনা হয়েছে। প্রতিটির বাজারমূল্য ৬০ লাখ টাকা, অর্থাৎ তিনটির মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পাঁচ শতাংশের একটি প্লটের মূল্য এক কোটি টাকা, নিজ উপজেলা ভৈরবে টিনশেড বাড়িসহ পাঁচ কাঠার প্লটের মূল্য দুই কোটি টাকা এবং গ্রামে বাবার নামে ১০ বিঘা কৃষিজমির মূল্য দুই কোটি টাকা। ঢাকার শাহজাহানপুরে ১২০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য এক কোটি টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্রে দেওয়া অঙ্কগুলো যোগ করলে মোট সম্পদের বাজারমূল্য দাঁড়ায় ৭ কোটি ৮০ লাখ টাকা। এছাড়াও তার নিকটজনদের নামে আরও বিপুল সম্পদ গড়েছেন বলে জানা গেছে।
২০ হাজার কোটি টাকার ভর্তুকি ঘিরে ঘুষের দাবি
অভিযোগপত্রের শেষ দিকে আরও একটি বড় অঙ্কের দুর্নীতির দাবি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুতদের ফেলে যাওয়া গার্মেন্টস ও শিল্পকারখানা চালু রাখতে অন্তর্বর্তী সময়ে চারটি বড় কোম্পানিকে প্রায় ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত হয়। শামীম কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে সচিবের নাম ব্যবহার করে প্রায় কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগের বিষয়ে জানতে পিও শামীমের মোবাইল নাম্বারে কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি, অন্যদিকে ড্রাইভার খলিলকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করে বলে আপনার যদি কোন কথা থাকে তাহলে সচিবালয় এসে সামনাসামনি কথা বলবেন বলে ফোনটি কেটে দেয়।