
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মথুরাপুর বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর বাগানবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি জানিয়েছে।