
নওগাঁর মহাদেবপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।
১২ আগস্ট সন্ধ্যায় উপজেলার নওগাঁ মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের আখেড়া মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, সেনাসদস্য আল জুবায়ের (২৫) তার কর্মস্থল রামু সেনানিবাস থেকে ছুটি নিয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরার সময় মহাদেবপুর উপজেলার ওইস্থানে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌঁছলে বিপরীত গামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী সেনাসদস্যসহ অন্তত ৬ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।এদের মধ্যে গুরুতর আহত সেনাসদস্য আল জুবায়েরকে থানা পুলিশ দ্রুত বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সেনাসদস্য ২০২২ ব্যাচ ইএমই কোর ১৫৯ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি রামু সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি জেলার সাপাহার উপজেলার পাতারী গ্রামের মোঃ আসাদুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।