1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নজরুল বর্ষে রাজারহাটের হ্যাটট্রিক, তিন শিক্ষার্থীই বিভাগসেরা! - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, সংসদে ক্ষোভ নাহিদ ইসলামের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ চৌদ্দগ্রামে যুবদলের কমিটি গঠন নিয়ে তোলপাড়, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ টেকনাফে জরাজীর্ণ ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর জনবল সংকটে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সেটি রোগাক্রান্ত হয়ে পড়েছে: ৫ লক্ষ লোকের স্বাস্থ্যসেবা ঝুঁকিতে

নজরুল বর্ষে রাজারহাটের হ্যাটট্রিক, তিন শিক্ষার্থীই বিভাগসেরা!

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:৩০ পিএম
শেয়ার করুন

এক মাদ্রাসা, তিন প্রতিযোগী, তিন বিভাগে তিনটি প্রথম স্থান! জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর সাংস্কৃতিক প্রতিযোগিতায় রীতিমতো বাজিমাত করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী। কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা—তিনটি বিভাগেই বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে তাঁরা গড়েছেন অনন্য সাফল্যের নজির। এই হ্যাটট্রিক জয়ে এখন তাঁদের সামনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মঞ্চ।

বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন—কামিল প্রথম বর্ষের মো. আলামিন আশিক (কবিতা আবৃত্তি), কামিল প্রথম বর্ষের মো. আনিচুর রহমান সাঈফী (উপস্থিত বক্তৃতা) এবং ফাজিল প্রথম বর্ষের মো. ফারহাজুল ইসলাম (রচনা প্রতিযোগিতা)। তিনজনের এমন সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। কবির জীবন, সাহিত্য, দর্শন, সাম্য ও মানবতার বাণী নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ রাখা হয়। বিভাগগুলো হলো—নজরুলসংগীত ও গজল, নজরুলের রচিত হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা এবং উপস্থিত বক্তৃতা। উপজেলা পর্যায়ে প্রতিটি বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পান। জেলা পর্যায়ে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীরা পান জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ।

কবিতা আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়া মো. আলামিন আশিক বলেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং পিতা-মাতা ও শ্রদ্ধেয় শিক্ষকদের দোয়া ও অকৃত্রিম ভালোবাসায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছি। এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।’

উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী মো. আনিচুর রহমান সাঈফী বলেন, ‘ভাবতেই অবাক লাগছে, উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছি। এই অর্জন শুধু আমার একার নয়; এর পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।’

রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়া মো. ফারহাজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এ অর্জনের পেছনে আমার প্রতিষ্ঠানের শিক্ষকরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’

রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলা মুহাম্মদ আব্দুল হাই বলেন, ‘শিক্ষার্থীদের এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তারা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আশা করছি, জাতীয় পর্যায়েও তারা কাঙ্ক্ষিত ফল অর্জন করে প্রতিষ্ঠান তথা দেশের সুনাম বয়ে আনবে।’

তিন শিক্ষার্থীর এই সাফল্য আবারও প্রমাণ করল, মফস্বলের মাদ্রাসার শিক্ষার্থীরাও সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিযোগিতায় নিজেদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম। নজরুলের সাম্য, মানবতা ও প্রতিবাদী চেতনার আলোয় নিজেদের শাণিত করে এবার জাতীয় পর্যায়ের মঞ্চে সাফল্যের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখছেন তাঁরা। রাজারহাটের এই তিন শিক্ষার্থীর হাত ধরে জাতীয় পর্যায়েও কুড়িগ্রামের নাম উজ্জ্বল হবে—এমন প্রত্যাশা শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।

এই বিভাগের আরো খবর