
কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামে এক ব্যাংককর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস রহমান চিলমারী উপজেলার নয়ারহাট শাখার গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়া জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলেন ফেরদৌস রহমান। পথে রৌমারীর যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নসিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনায় ব্যাংককর্মী ফেরদৌস রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।