1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বোয়ালমারীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের - আজকের কাগজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম গাজায় দীর্ঘ তিন বছর পর উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান মুরাদনগরে মেয়েকে নিয়ে বিবাদের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে প্রাণহানি তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, গ্রেপ্তার ২—তবু রহস্যের জট খুলছে না! দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার নেশার ট্যাবলেট ও ৭০০ বোতল সিরাপ জব্দ খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত ববির সংকট দ্রুত সমাধান করা হবে-শিক্ষামন্ত্রী

বোয়ালমারীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:১৬ পিএম
শেয়ার করুন

ফরিদপুরের বোয়ালমারীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে মারা গেছে এক শ্রমিক।
ফরিদপুর সদরের বৌবাজার এলাকার বাসিন্দা মো. পলাশ মোল্যা। বয়স মাত্র ১৭ বছর। যে বয়সে বই-খাতা হাতে নিয়ে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই জীবিকার তাগিদে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ দিতে হলো পলাশ মোল্যাকে। নির্মাণাধীন ছয়তলা ভবনের পাঁচতলায় কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিবচরের পাচ্চরে পৌঁছালে তার মৃত্যু হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায় বিলাসী শপিং কমপ্লেক্সের পাশে নির্মাণাধীন নূর টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনের পাঁচতলায় পরিচ্ছন্নতার কাজ করছিল পলাশ। এ সময় অসতর্কতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় সে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে শিবচরের পাচ্চর এলাকায় তার মৃত্যু হয় বলে সহকর্মীরা জানান।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শাওন বলেন, ‘পলাশকে হাসপাতালে আনার পর চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে ক্লিনিক্যাল ডেথ বলা হয়, অনেকটা সে অবস্থায় পেয়েছিলাম। তার শ্বাসপ্রশ্বাস চললেও অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন।’

দুর্ঘটনার পর নির্মাণাধীন ভবনে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সহকর্মী এক শ্রমিকের অভিযোগ, ভবনের পাঁচতলায় কাজ করার সময় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জাল বা বেষ্টনী থাকলে পলাশ নিচে পড়ে প্রাণ হারাত না। তার ভাষায়, ‘নিরাপত্তার জাল থাকলে ছেলেটি আহত হলেও হয়তো এভাবে মারা যেত না।’

স্থানীয়দের দাবি, ভবনটিতে এর আগেও ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। তবে সেসব ঘটনায় কেউ হতাহত হননি। বহুতল ভবন নির্মাণে নিরাপত্তাবেষ্টনী, সুরক্ষা সরঞ্জাম ও নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ভবনটির মালিকপক্ষের অন্যতম সদস্য ও বোয়ালমারী বাজারের কাপড় ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম (ঢাকালিয়া শহিদুল) বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। দুর্ঘটনা তো বলে-কয়ে আসে না।’ শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঠিকাদারের দেখার কথা, আমার নয়।’ এ সময় তিনি ঠিকাদার কিংবা নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় জানাতেও অপারগতা প্রকাশ করেন।

বোয়ালমারী পৌরসভার প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণের জন্য মালিকপক্ষকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। ছুটির দিন থাকায় দুর্ঘটনার বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে গুরুত্বের সঙ্গে দেখা হবে। কারও অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বোয়ালমারী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। ভবন নির্মাণে সংশ্লিষ্টদের অবশ্যই আইন ও নিরাপত্তাবিধি মেনে কাজ করার কথা ছিল। বিষয়টি তদন্ত করে ভবনমালিকদের সঙ্গে কথা বলে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এই বিভাগের আরো খবর