
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধাসহ পাঁচজন গুরুতর জখম হয়েছেন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাগরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আলাউদ্দিন মাঝি ও তার ফুফাতো ভাই ইসমাইল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল।
বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার সামাজিক বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি।
অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে সোমবার সকালে ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল লোক অতর্কিতভাবে আলাউদ্দিন মাঝির পরিবারের ওপর হামলা চালায়।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে গুরুতর জখম করা হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আলাউদ্দিন মাঝি অভিযোগ করেন, তার ফুফাতো ভাই ইসমাইল হোসেন, ইলিয়াস, রহিম, রাজিবসহ আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়। হামলার সময় তাকে বেধড়ক মারধর করে অজ্ঞান করে ফেলা হয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়।
এ সময় তার বৃদ্ধ বাবাকেও মারধর করা হয়। পাশাপাশি প্রতিবেশী মিরাজের মাথায় কুপিয়ে জখম করা হয় এবং তার হাত ভেঙে দেওয়া হয়।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত নুরুল ইসলাম ও মিরাজকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।