1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত: ফাঁস হওয়া নথি - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরে শরীফ বললেন, ‘ন্যায়বিচার পেয়েছি’ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত: ফাঁস হওয়া নথি মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নাজমুন আরা, দিশারী পরিবারের ফুলের শুভেচ্ছা ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৫ কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার মোহনগঞ্জে আ’লীগের এমপি সহ ৬ বাসা-বাড়ীতে হামলা ও ভাংচুর, হাওর এক্সপ্রেসে ট্রেনে আগুন অধিনায়কত্ব নিয়ে কোনো তাড়াহুড়ো নেই হামজা চৌধুরীর

ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত: ফাঁস হওয়া নথি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:৩৯ পিএম
শেয়ার করুন

ইউক্রেন যুদ্ধের বয়স প্রায় পাঁচ বছর হতে চলল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর পর থেকে সংঘাতটি এক দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তায় কিয়েভ লড়াই চালিয়ে গেলেও, এই দীর্ঘ যুদ্ধে উভয় পক্ষের ব্যাপক প্রাণহানি ঘটেছে। সম্প্রতি রাশিয়ার সরকারি নথিপত্র ফাঁস হওয়ায় যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র কিছুটা স্পষ্ট হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত চার লাখের বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথিগুলো বিশ্লেষণ করা হয়েছে।

ইউক্রেনভিত্তিক হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো এবং বেলারুশের বিরোধী পক্ষ সংশ্লিষ্ট সাইবার পার্টিজানস যৌথভাবে রাশিয়ার তথ্যভাণ্ডারে এই সাইবার হামলা চালায়।

হ্যাকাররা ১ কোটি ১০ লাখেরও বেশি মৃত্যুসনদ হাতিয়ে নিতে সক্ষম হয়েছে, যেখানে মৃত ব্যক্তিদের বয়স, ঠিকানা ও মৃত্যুর স্থান উল্লেখ রয়েছে। গত ১ নভেম্বর এ ঘটনার কথা প্রকাশ্যে আসে এবং গত সপ্তাহের শেষ নাগাদ তথ্যগুলো উন্মুক্ত করা হয়। যদিও রসস্ট্যাট সাইবার হামলার বিষয়টি স্বীকার করেছে, তবে তাদের দাবি, কোনো গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য চুরি হয়নি।

মস্কো যুদ্ধের শুরুর কয়েক মাস পর থেকেই সেনা নিহতের পরিসংখ্যান গোপন করে আসছে এবং বিষয়টি রাষ্ট্রীয় গোপনীয়তার অন্তর্ভুক্ত। তবে ফাঁস হওয়া নথিতে ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে যুদ্ধের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। যদিও নথিপত্রের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও আন্তর্জাতিক সংস্থা ও গোয়েন্দা তথ্যের সঙ্গে এর উল্লেখযোগ্য মিল রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা তাদের মূল্যায়নে প্রায় পাঁচ লাখ রুশ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল। রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা প্রায় ২ লাখ ৮৬ হাজার সেনার নাম শনাক্ত করতে পারলেও তাদের ধারণা, প্রকৃত সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি হতে পারে।

জার্মানির ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক ইয়ানিস ক্লুগে এই তথ্য ফাঁসের ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। তার মতে, এটি এখন পর্যন্ত প্রকাশ্যে আসা রুশ সেনা নিহতের সবচেয়ে বড় তথ্যের ভাণ্ডার। গবেষকের ধারণা, এই নথিতেও যুদ্ধের প্রকৃত প্রাণহানির পুরো হিসাব নেই। কারণ অনেক সেনার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি, নিখোঁজ রয়েছেন অনেকে। এছাড়া সরকারি নথিতে মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত হতে প্রায় ছয় মাস সময় লেগে যায়, ফলে ফাঁস হওয়া সংখ্যার বাইরেও উল্লেখযোগ্যসংখ্যক প্রাণহানি থাকতে পারে।

ফাঁস হওয়া নথি বিশ্লেষণে যুদ্ধের আঞ্চলিক প্রভাবের ভয়াবহ বৈষম্য ফুটে উঠেছে। দেশটির দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রাণহানির হার অনেক বেশি। বিশেষ করে পূর্বাঞ্চলের বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্কি অঞ্চলে যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই ছিল যুদ্ধসংশ্লিষ্ট। অথচ রাজধানী মস্কো ও সেন্ট পিটার্সবার্গে এই হার মাত্র ১০ শতাংশ।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণহানির হারও চরম আকার ধারণ করেছে। তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের কয়েকটি মাসে রাশিয়ার সেনাবাহিনীতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে। জার্মান গবেষক ইয়ানিস ক্লুগের হিসাবমতে, সেই সময় প্রতি মাসে ১৫ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জন সেনা প্রাণ হারিয়েছেন। এই নথিপত্রগুলো রাশিয়ার সামরিক বাহিনীর ওপর দীর্ঘস্থায়ী সংঘাতের প্রচণ্ড মানবিক চাপের এক করুণ দলিল হিসেবে সামনে এসেছে।

এই বিভাগের আরো খবর