
নওগাঁর পত্নীতলায় গাছের গুড়ি বোঝায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করাসহ চালককে বেধড়ক গণপিটুনি দিয়েছে।
এ ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারি সোমবার রাত ৮ টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায়। নিহতরা হলেন উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা (৩০) ও তার মেয়ে ফাতেমা জান্নাত (১০)।
স্থানীয়রা জানায়,কাওসার রহমান ওইসময় নজিপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ব্যটারিচালিত এক ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে যায়। এ সময় সাপাহার থেকে নজিপুরগামী একটি গাছের গুড়ি বোঝায় ট্রাক মা ও মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।