
কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি ভাড়ায় চালিত যাত্রীবাহী কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে টেকনাফের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রো গ-৭২৩০ নম্বরের গাড়িটি টেকনাফের শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় যাত্রীরা তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুন লাগার ঘটনায় গাড়ির চালক মো. ফিয়ার আলম অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া বলেন, “যাত্রীদের দ্রুত সাড়া দেওয়ার কারণেই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
Leave a Reply