
কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর একটি স্থায়ী সেতুর অভাবে প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এ অবস্থায় দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ি, গোয়াল গ্রাম, পূর্ব চর ইছাকুড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ বছরের পর বছর ধরে সেতুর অভাবে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা, আর শুষ্ক মৌসুমে স্থানীয়দের উদ্যোগে নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশ বা কাঠের সাঁকো দিয়েই চলছে যাতায়াত। সামান্য অসতর্কতায় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, বিকল্প কোনো সড়ক ব্যবস্থা না থাকায় জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের নিয়মিত স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ফলে এই জনপদের জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আবু বক্কর বলেন, “বছরের পর বছর ধরে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। একটু ভুল হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে রৌমারী উপজেলা এলজিইডি’র ভারপ্রাপ্ত প্রকৌশলী সৌরভ কুমার সাহা জানান, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরেজমিন পরিদর্শন করে সেতু নির্মাণের প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে জিঞ্জিরাম নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা না হলে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করবে।