
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় লোকচক্ষুর আড়ালে রোগাক্রান্ত জবাইকৃত গরুর মাংস বিক্রির অভিযোগে বেলাল শেখ নামে এক মাংস ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয়সুত্রে জানা যায়,উপজেলার ধাপেরহাটস্থ চারমাথা মোড়ে মাংস ব্যবসায়ী বেলাল শেখ সুকৌশলে রোগা গরু জবাই করে মাংস বিক্রি করতে ছিলেন। এরইমধ্যে ঘটনাটি ওই এলাকার লোকজন জানতে পেরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে অবগত করেন। এমন অভিযোগের ভিক্তিতে বেলাল শেখের মাংসের দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মাংস ব্যবসায়ী বেলাল শেখের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,সাদুল্লাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তানভীক জাহান।
অভিযানকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রয়ে ব্যবসায়ীদের কঠোর ভাবে হুশিয়ারী দেওয়া হয়।জনস্বার্থে এহেন অপরাধ সংঘটিত হলে তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।