
নওগাঁর সাপাহারে পবিত্র রমজান মাস উপলক্ষে তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ নিয়েছে সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ। সংগঠনটির উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ১৩জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে ইফতার ও ঈদ সামগ্রীর প্যাকেজ তুলে দেওয়া হয়।
প্রতিটি প্যাকেজে ছিল— ১ কেজি সুগন্ধি চাল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম বুট, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৩টি দুধ পাউডারের প্যাকেট, ২৫০ গ্রাম খেজুর, একটি গায়ে দেওয়ার সাবান, ৫টি ওয়াসা ফ্রুটু এবং ১টি লাচ্ছা সেমাই।
ঈদের এসব সামগ্রী পেয়ে তৃতীয় লিঙ্গের ভাই-বোনেরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, এ পর্যন্ত কেউ তাদেরকে এভাবে সম্মান দিয়ে উপহার দেয়নি। জীবনে একবার শুধু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কম্বল পেয়েছিলেন কিন্তু এভাবে আন্তরিকতা ও সম্মানের সঙ্গে কেউ তাদের পাশে দাঁড়ায়নি।
তারা সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠনটি যেন ভবিষ্যতেও তাদের পাশে থাকে এবং সমাজে মানবিক সহমর্মিতার এই ধারা অব্যাহত রাখে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মানবিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। সেই দায়বদ্ধতা থেকেই পবিত্র রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের পক্ষ থেকে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে তৃতীয় লিঙ্গের ভাই-বোনদের জন্য নিয়মতান্ত্রিকভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
Leave a Reply