
দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে খেলছেন হামজা চৌধুরী। স্বাভাবিকভাবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত হলেও জাতীয় দলের জার্সিতে তাকে যেন পুরোদস্তুর স্ট্রাইকার মনে হচ্ছে। তার পরিসংখ্যানও দিচ্ছে তেমনই ইঙ্গিত; ২০২৫ সালের মার্চ থেকে বাংলাদেশের হয়ে খেলা ১৩ ম্যাচে হামজা চারটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন। বিশেষ করে ঘরের মাঠে খেলা শেষ পাঁচ ম্যাচের চারটিতেই গোল পেয়েছেন তিনি। ফ্রিকিকসহ বিভিন্ন পজিশন থেকে গোল করার দক্ষতা তাকে সমর্থকদের কাছে কেবল একজন মিডফিল্ডার নয়, বরং আক্রমণভাগের নির্ভরতার প্রতীকে পরিণত করেছে।
বাংলাদেশ দলে দীর্ঘ সময় ধরে একজন প্রকৃত ‘নাম্বার নাইন’ বা স্ট্রাইকারের অভাব অনুভূত হচ্ছে। এই সংকটের কারণে কোচ থমাস ডুলি অনেক সময় রক্ষণভাগের খেলোয়াড়দেরও আক্রমণভাগে ব্যবহার করছেন। ভুটানের বিপক্ষে গত ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে ফরোয়ার্ড হিসেবে খেলানোয় কোচকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, সেই একই ভুল কি হামজার ক্ষেত্রেও হতে পারে? হামজা মূলত মিডফিল্ড পজিশনেই খেলতে অভ্যস্ত এবং সেখানেই তার দক্ষতা ও অভিজ্ঞতা বেশি। তিনি নিজে এই পজিশন পরিবর্তনের ব্যাপারে কতটা আগ্রহী বা স্বাচ্ছন্দ্যবোধ করবেন, তা নিয়েও সংশয় রয়েছে।
২০০৩ সালের সাফজয়ী স্ট্রাইকার আলফাজ আহমেদ মনে করেন, হামজাকে স্ট্রাইকার হিসেবে খেলানো সঠিক সিদ্ধান্ত হবে না। তিনি স্পষ্ট করে বলেন, ‘হামজা মিডফিল্ডেই সেরা। রক্ষণভাগ থেকে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক রুখে দিয়ে মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার কাজটি তিনি যেভাবে করেন, সেখানে তাকে খেলানোই শ্রেয়। তিনি ফ্রিকিক বা কর্নার থেকে গোল করতে পারেন ঠিকই, কিন্তু স্ট্রাইকার হিসেবে খেলাটা পুরোপুরি ভিন্ন একটি বিষয়, যার জন্য বিশেষ অভ্যস্ততা প্রয়োজন।’
জাতীয় দলের স্ট্রাইকার সংকট সমাধানে আলফাজ বিকল্প হিসেবে রাকিব, ইব্রাহিম বা সুকিকে ব্যবহারের পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমি কোচ হলে রাকিবকে স্ট্রাইকার হিসেবে বেছে নিতাম। এছাড়া ইব্রাহিমও গত ম্যাচে গোল করেছেন এবং এই পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। দলে অনেক বিকল্প রয়েছে, এখন শুধু দেখার বিষয় কোচ কাকে বেছে নেন।’ আলফাজের মতে, হামজার উপস্থিতিতে দলের গতি অনেক বেড়েছে এবং তিনি প্রতিপক্ষের বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচেও হামজা বাংলাদেশ দলের জন্য বড় ফ্যাক্টর। তিনি যে পজিশনেই খেলুন না কেন, দিনশেষে জয়ই দলের মূল লক্ষ্য।