
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি বলেছেন, শেখ হাসিনা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। তিনি দেশ থেকে পালিয়ে গিয়ে আবারও ফিরে আসার যে হুংকার দিচ্ছেন, তা কখনো বাস্তব হবে না। বর্তমানে দেশে যে আগুন-সন্ত্রাস শুরু হয়েছে, তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরভিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্মচর্চা মানুষের মন-মানসিকতার ইতিবাচক পরিবর্তন ঘটায় এবং সৎ ও যোগ্য নাগরিক গঠনে সহায়তা করে। দেশে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করেছেন এবং সরকারি সহায়তা সমভাবে বণ্টনের চেষ্টা চালিয়েছেন। তিনি বিবিরভিলা শান্তি বিহারসহ এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।