
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে তুরস্কের সক্রিয় সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই গুরুত্বারোপ করেন।
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন বা কপ-৩১-এ যোগ দিতে যাওয়া বিশ্বনেতাদের শীর্ষ বৈঠকের ঠিক আগেই এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা মানবিক সংকটের সময় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি ও ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে তুরস্ক যে মানবিক সহায়তা দিয়ে আসছে, তার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্ল্যাটফর্মে তুরস্কের জোরালো ভূমিকা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের ওপর আলোচনা হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানো, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিধি সম্প্রসারণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি প্রাধান্য পায়। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় দুই নেতার মধ্যে যে আলোচনা হয়েছিল, সেটির অগ্রগতির বিষয়েও প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে এই অংশীদারিত্বকে আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন। তিনি এ খাতে যৌথ বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরির আহ্বান জানান। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি ও খনিজ সম্পদ আহরণ খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। কপ-৩১ সম্মেলনটি সফলভাবে আয়োজন করায় তিনি তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দনও জানান। প্রধানমন্ত্রী সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
উল্লেখ্য যে, এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যকার সহযোগিতার এই নতুন ধারা আগামীতে সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করা হয়।