
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিনকে সংগঠনের নিয়ম, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নিয়ম, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান তুহিনকে বাকশীমূল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত নেতার কথিত কর্মকাণ্ডের কোনো দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে মেহেদী হাসান তুহিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
তবে বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান তুহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের অভিযোগ রয়েছে, তা উল্লেখ করা হয়নি। শুধু সংগঠনের নিয়ম, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা বলা হয়েছে।
এদিকে, বহিষ্কারের বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন যুবদলের একাধিক দায়িত্বশীল নেতা জানান, সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে জেলা যুবদল প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে।
তবে বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগ সম্পর্কে মেহেদী হাসান তুহিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।