
সোমবার (২৩ জুন), সরকারি বাঙলা কলেজের অডিটোরিয়ামে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেছেন বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, এবং অন্যান্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. হাফিজুর রহমান হাফিজ। এদিন কলেজ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, “৫ আগস্টের আগে যারা ছাত্রলীগ করত, তারা এখন বড় কথা বলছে। যারা একসময় ছাত্রলীগের সঙ্গে ছিল, তারা বর্তমানে এনসিপি নামে নতুন সংগঠনে বড় পদে রয়েছে। এই ১৫ বছরে তারা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি; বরং তাকে ‘আম্মা’ বলে ধারণা করেছে। একমাত্র বিএনপি-ই এই সময়টিতে আপোষ করেনি।”
তিনি আরও উল্লেখ করেন, “কয়েকদিন আগে আমির হামজা বলেছিলেন, তিনি নাকি কোরআনের ৫৩টি জায়গায় ভুল ধরেছেন। আপনাদের ইউটিউবে সেই ভিডিও পাওয়া যাবে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই—আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম, এবং তাঁর বক্তব্য শুনাও হারাম। ইসলামের অপব্যাখ্যা করছেন জামায়াতে ইসলামী যাদের পৃষ্ঠপোষকতা দেয়। যদি ইসলামী নামধারী এই অপশক্তি ভোট চাইতে আসে, তাহলে তাদের জুতাপেটা করে দেশ ছাড়া করা উচিত।”
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়। নেতাদের মতে, নতুন প্রজন্মের মধ্যে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ বাড়ছে। ছাত্রদলের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান আয়োজকেরা।