
হরমুজ প্রণালির পূর্বাঞ্চল দিয়ে অতিক্রমের সময় একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বহনকারী জাহাজে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, সমুদ্র মাইন থেকেই এই বিস্ফোরণের উৎপত্তি হয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগের ভাষ্যমতে, ওই জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সব সতর্কতা উপেক্ষা করে সেটি হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলেই জাহাজটি নৌ-মাইনের কবলে পড়ে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও একই এলাকায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেইসব ঘটনা থেকে শিক্ষা না নিয়ে মার্কিন যুদ্ধবিমানের সুরক্ষার আশায় জাহাজটি এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছিল।
হরমুজ প্রণালিতে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়ে আইআরজিসি সতর্ক করেছে। তারা বলেছে, ভবিষ্যতে যদি কোনো জাহাজ ইরানের নির্দেশিত নিয়মকানুন অমান্য করে অননুমোদিত পথে প্রবেশের চেষ্টা করে, তবে তাদেরও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।